টটেনহ্যাম হটস্পার ছেড়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদে পাড়ি জমাচ্ছেন আর্জেন্টাইন সেন্টার-ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। ২০৩১ সালের জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি। ২৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ডিফেন্ডার পাঁচ মৌসুম লন্ডনের ক্লাবে কাটানোর পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন। এর আগে তিনি টটেনহ্যামকে ২০২৫ সালে উয়েফা ইউরোপা লিগ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন।
রোমেরো টটেনহ্যামের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৬টি ম্যাচ খেলে ১৩টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন। ২০২১-২২ মৌসুমে প্রথমে ধারে যোগ দিলেও পরে তিনি স্থায়ীভাবে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
টটেনহ্যামের হয়ে রোমেরোর সবচেয়ে বড় সাফল্য ছিল ২০২৪-২৫ মৌসুমে ইউরোপা লিগ জয়, যা ক্লাবটির ৩১ বছরের মধ্যে প্রথম কোনো ইউরোপীয় ট্রফি। এই টুর্নামেন্টে তিনি সেরা খেলোয়াড় হিসেবেও স্বীকৃতি পান।
আর্জেন্টিনার কর্দোবায় জন্ম নেয়া রোমেরো ২০১৬ সালে ক্লাব অ্যাটলেটিকো বেলগ্রানো দিয়ে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। এরপর ইতালিয়ান সিরি আ-তে জেনোয়া এবং জুভেন্টাসের হয়ে খেলার পাশাপাশি আটলান্টায় দারুণ সময় কাটান। ২০২০-২১ মৌসুমে আটলান্টার হয়ে খেলার সময় তিনি সিরি আ’র সেরা ডিফেন্ডার নির্বাচিত হন।