বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় কমপক্ষে ৭২টি ফেনসিডিল তৈরির কারখানা এখনো চালু আছে। এগুলো ধ্বংস করতে দুই দেশের মধ্যে একাধিকবার চিঠি চালাচালি হয়েছে। পুলিশের একাধিক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানিয়েছেন, এমনকি সীমান্তের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে রেড অ্যালার্ট জারি, অভিজ্ঞতা বিনিময়, মাদক কারখানা ধ্বংস, প্রশিক্ষণ কার্যক্রম, যৌথ কমিটি গঠন এবং পরিদর্শন পদ্ধতি চালুর মতো কিছু পদক্ষেপ নেওয়ার পরও কোনো সুফল মিলছে না। চলমান অভিযানের মধ্যেও সীমান্ত এলাকায় সক্রিয় মাদক কারবারিরা। ৬১২টি পয়েন্ট দিয়ে ঢুকছে মাদকের চালান।
সংশ্লিষ্টরা বলছেন, গত পাঁচ বছরে মাদক কারবারি ও ফেনসিডিল কারখানার তালিকা নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই দেশের মাদক কারবারিদের নিয়ন্ত্রণ ও প্রতিরোধে যৌথ অভিযানেরও পরিকল্পনা ছিল। কিন্তু বাস্তবে এর ইতিবাচক ফল দেখা যায়নি। সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়েও বৈঠক হয়েছে বেশ কয়েকটি। ওইসব বৈঠকে রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ১ হাজার ১৬২ কিলোমিটার সীমান্তে গড়ে ওঠা ৭২টি ফেনসিডিল ও ১০টি হেরোইন তৈরি এবং প্রক্রিয়াজাতকরণ কারখানার তালিকা বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। ওই কারখানাগুলো দ্রুত বন্ধ বা ধ্বংস করতেও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে অনুরোধ জানানো হয়েছিল।
আইন প্রয়োগকারী ও বিভিন্ন সংস্থার তথ্যমতে, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকেই বাংলাদেশে ছড়িয়ে পড়ছে ফেনসিডিল। শুধু বাংলাদেশে সরবরাহের জন্যই এ মাদকদ্রব্যটির উৎপাদন করা হচ্ছে কয়েকটি এলাকায়। কারখানাগুলোর তালিকা নিয়ে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) ও বিএসএফের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ডিএনসি ও বিজিবি।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন দেশ রূপান্তরকে বলেন, ‘দেশ থেকে মাদক নির্মূল করতে যা যা করা দরকার তাই করা হচ্ছে। মাদক কারবারিদের নিশ্চিহ্ন করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো একের পর এক অভিযান চালাচ্ছে। ভারতের সঙ্গে আমরা একাধিকবার বৈঠক করেছি। তারাও আমাদের সহায়তা করছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে থাকা ফেনসিডিল তৈরির কারখানাগুলো ধ্বংস বা বন্ধ করে দিতে অনুরোধ করা হয়েছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।’
নাম প্রকাশ না করার শর্তে দেশ রূপান্তরকে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘ভারতের পক্ষ থেকে আশ্বাসের পর কিছু অভিযানও চালানো হয়েছে। বিভিন্ন বাসাবাড়িতে গড়ে ওঠা অন্তত ৭২টি কারখানার কোনো প্রাতিষ্ঠানিক নাম নেই। আমাদের কাছে তথ্য আছে, সীমান্তের ২৪ জেলার ৬১২টি পয়েন্ট দিয়ে আসছে ফেনসিডিলের চালান।’ তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে একাধিকবার বিশেষ বৈঠক হয়েছে। বিশেষ করে বিএসএফ ও বিজিবির মধ্যেই বেশি বৈঠক হয়েছে। চিঠি চালাচালির সময় অন্তত ২২টি ফেনসিডিল কারখানা ধ্বংসও করেছিল ভারত। এছাড়া সীমান্ত এলাকায় ওষুধের দোকান স্থাপনের ক্ষেত্রেও বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছিল তারা। তবে প্রায় সবকটি ফেনসিডিল তৈরির কারখানাই আবারও চালু করা হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। ওইসব কারখানায় দেদার উৎপাদন হচ্ছে।’
ওই কর্মকর্তা আরও বলেন, ভারতে ফেনসিডিল ওষুধ হিসেবে বৈধভাবে উৎপাদিত হয়। সেখানে মাদক হিসেবে এর ব্যবহার নেই। তবে সামান্য কিছু উপাদান বাড়িয়ে ফেনসিডিল পাঠানো হয় সীমান্তের এপারে, যার ব্যাপক চাহিদা বাংলাদেশে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার সফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। ঢাকাকে মাদকমুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে ফেনসিডিলসহ অন্যান্য মাদক প্রবেশ করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি কয়েক ধাপ বৃদ্ধি করা হয়েছে।’ একই কথা বলেছেন রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবদাস ভট্টাচার্য, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক ও কুমিল্লার পুলিশ সুপার নুরুল ইসলাম। তারা আরও বলেন, বাংলাদেশের সীমান্তঘেঁষা ফেনসিডিল কারখানাগুলো পুরোপুরি বন্ধ করতে সরকার ভারতের সঙ্গে যোগাযোগ রাখছে। দেশ থেকে মাদককে চিরতরে নির্মূল করতে বাহিনীর সদস্যরাও কাজ করছেন।
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত এলাকায় বর্তমানে সক্রিয় ফেনসিডিল কারখানার মালিকরা হলেনÑ ভারতের পশ্চিম ত্রিপুরার বল্লব রায়, যাত্রাপুর থানার মাছিমা গ্রামের ধনরঞ্জন প্রকাশ, গোলচত্বরের কালী শংকর দেব, বিশালঘর থানা এলাকার অমিত চক্রবর্তী ও রতন সাহা, নতুনবাজারের নেপাল চন্দ্র ঘোষ, সুকুমার দেবনাথ, মধুপুর গ্রামের টুপন দাশ, অপু সাহা ওরফে প্রধান, আগরতলার মসজিদ পট্টির চাঁদ মিয়া, পশ্চিম খুতুয়ালী থানার বোতলা গ্রামের হাবুল দেবনাথ ও বাবুল দেবনাথ; পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার মণ্ডপপাড়ার অধির মালি, দক্ষিণপাড়ার ফড়িং সাহা, বিশ্রামগঞ্জের বিজয় ঘোষ, মালদহের যতন মজুমদার, ইংলিশ বাজারের জলসু, বিনী পেট্রোলপাম্প এলাকার রামঘোষ, শিরহাট থানার ইস্ট ইন্ডিয়া বাজারের নারায়ণ সেন, রেলওয়ে ব্রিজের পাশের বিলতু সাহা, উথাল মার্কেটের একে দাস, পতনার ফার্স্ট স্টোরড ভবনের মোহন শিমাদং, মুর্শিদাবাদের ভরমপুরের আনসার আলী ও সঞ্জয় গুপ্ত, লালগোলার রোডবাজারের উদয় সাহা, দুর্লভপুরের ছুটকা, আমবাজারের ভুরাস মণ্ডল, গোপালগঞ্জের সুধীর মণ্ডল, সোনামুরার গোলাপ রহমান, ধনপুর বাজারের রাত্তু সাহা ও বিমল বাবু, দুর্গাপুর গ্রামের মালু মিয়া, ঝাড়খান্দার বাহারুয়া কুমার, চব্বিশ পরগনার পুরাতন বনগাঁর চাঁদপাড়া গ্রামের নিতাই চন্দ্র দাশ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৬ সালে বাংলাদেশের অভ্যন্তরে থেকে ভারত সীমান্তে সক্রিয় অন্তত ৪৫০ মাদক কারবারির তালিকা দেওয়া হয়। তারা ভারত থেকে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকের চালান আনা-নেওয়ায় জড়িত। আমরা তদন্ত করে নিশ্চিত হয়েছি, সীমান্ত হয়ে প্রতি বছর প্রায় ৬ হাজার কোটি টাকার মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় এলাকায় পপি চাষ হচ্ছে। পপির বীজ থেকে আফিম, মরফিন, হেরোইনের মতোই পাওয়া যায় কোডিন। কোডিনই ফেনসিডিল তৈরির মূল উপাদান। তাই খুব সহজেই কাঁচামাল সংগ্রহ করে ফেনসিডিল তৈরি করা হচ্ছে। পরে পৌঁছে দেওয়া হয় সীমান্তের এপারে।