বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। গ্রাফিক্স:
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন। একই সঙ্গে নিজের বক্তব্যটি প্রত্যাহার করেছেন তিনি। তার মন্তব্যে নিহত ব্যক্তিদের স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এই সংসদ সদস্য।
সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দুঃখ প্রকাশ করেন কামরুজ্জামান রতন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মানুষ ভুল করতেই পারে। তবে ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর একটি বিশেষ নেয়ামত। নিজের মন্তব্যের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং আবারও ক্ষমা প্রার্থনা করেন।
এ নিয়ে স্টার নিউজের অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে স্টার নিউজের টক শো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে মন্তব্য করেন কামরুজ্জামান রতন। তার সেই বক্তব্য ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে দুঃখ প্রকাশ করে মন্তব্যটি প্রত্যাহার করেন তিনি।